ফিরে এলাম আবারও তোমার কাছে
বেদনার নীল রঙের আকাশ নিয়ে
আমাদের সোনালী দিনগুলোকে স্মৃতি করে...
সেইসব চেনা বন্দরে পথ হারানো নাবিকের মত
তোমার মাঝে শুধু খুঁজে ফিরছি আমার হারানো দিগন্ত।
জানি আজ তোমার বুকে জাগে না হাহাকার
পথ ভুল করা কোন পথিকের ফিরে আসার আশ্বাস!
তবু অজস্র সাগর পিছে ফেলে আসা নাবিকের বিশ্বাস
দেবলিনা, তুমি
আজও পারনি মেনে নিতে আমার ফিরে না চাওয়া...
জীবন তো এমনি,
অজস্রবার আমরা ছুটে যাই মরীচিকার পিছে
ধু ধু মরুর বুকে হীরক খণ্ড মাটিতে ছুঁড়ে ফেলে...
তবু জলের তৃষ্ণায় বার বার ফিরে আসি তোমার আঙিনায়।
জানি এখন তুমি আর আশ্বাসে কিংবা
পুরনো বিশ্বাসে আসতে পারনা ফিরে
তোমার শরীরে জমা ধুলোর আস্তরণ মুছে দিয়েছে আজ আমার
অস্তিত্ব...
তবু ফিরে আসছি আমাদের প্রিয় শহরে
যত দিন স্মৃতি আমাকে বার বার ডেকে যাবে
আমি ফিরে আসব এই শহরে তোমার কাছে।
