স্নান করার আগে পর্যন্ত ঈশ্বর এবং মদ
শরীর এবং ক্ষত তোমায় ছুঁয়ে থাকে।
স্নান করার আগে পর্যন্ত,
তুমি আর আমি মধ্যরাত্রির বস্ত্রহীন শীৎকার
এরপর ,
তুমি গঙ্গাযাত্রার দিকে?
কয়েকশো জৈবখোর চোখ,কয়েকশো পৌরসভার জঞ্জালঠোঁট
তোমায় গিলে নিচ্ছে বলে সূর্যপ্রণামে তুমিও
অস্পৃশ্যকুন্তিশোক!
অতিমানবীয় হও,হুডখোলা চলমানতার সাথে উদার
হতে শেখ ।মধ্যযুগীয় ভাবনা বড় বেমানান
মধ্যযুগীয় বর্বরতার মধ্যে।
যদিও প্রেমিক আমার প্রকৃত শিল্পের মতই উন্মাদ
যদিও প্রেমিক আমার নি:স্ব প্রেমের মধ্যেই খুঁজে নিতে পারে
ভিন্ন অমৃত বুক ...
পৃথিবীর প্রথমপুরুষ স্বীকৃতি দিয়ে যদি বলতাম ও গো বীর্যশ্রেষ্ঠ
শুঁড়িখানা এবং জলন্ত গুহায় তোমার স্বেচ্ছাচার!
জলের সম্পর্ক ধুয়ে যেতে পারে পাগলীর ঋতুস্রাব !
উরুর ফাঁকের মাধ্যাকর্ষণ ও মন্দির পর্যন্ত
পবিত্র হতে পারে ডিম্বকীট?
মাথা থেকে পা অব্দি মাংসে- মাংস জাগার উচ্ছ্বাস
গঙ্গার পূন্যজ্ঞানের দিকে ফেলে রেখে যাই
কবজকুন্ডলহারা বিকলাঙ্গ কর্ণের ভাসান আর্তনাদ ।
আসলে ,
বারবার দেখেছি ,একা বেশ খানিক অন্ধকারে হাঁটলে
সময়ের শরীরে পাপের ছায়া দীর্ঘ হয়।
