পার্থ অগাস্টিন এর কবিতা


পার্থ অগাস্টিন এর কবিতা
"একবার যে আমায় ছোঁয়, আয়ুরেখাসহ ছোঁয়; তারপর, সে তো মরেই..."


সাইকেল

বাবাকে কোলে নিয়ে, প্রতিদিন সাইকেলটি বাতাসে সাঁতার কাটে। মাঝে-মাঝে আমি আর ছোটো
তার কোলে উঠে ডানা মেলতাম। যদিও আমি দেখি, সাইকেলটি বেঁচে থাকে বাবার নিশ্বাস চুরি করে।
এখনো তার কোলে চড়ে আসে আমাদের সংসার। আমাদের আনন্দ লাঠিম।

বাবার মৃত্যুর পর সাইকেলটি আমাদেরকে, বাবার মতো কোলে নেবে একদিন। আর সাথে টানবে বাবার প্রস্থান ও এক মকর জাতকের ছায়া...

রাতের আয়ু বাড়তে-বাড়তে ভাবি, বাবার আয়ুর চেয়ে সাইকেলের আয়ু ঢের বেশি।

সিনেমা প্যালেস

বহুদিন তার সাথে দেখা হয় না---
আহা! সিনেমা প্যালেস-- প্রখর রোদে সে দাঁড়িয়ে থাকতো এখানে; ভালো দরে স্বাস্থ্য বেচতো।
প্রতিরাতে, অপুষ্ট শিশুর মতো তার চোখ দুটো চেয়ে থাকতো- পুরুষের আয়ুরেখার দিকে। ছল ক'রে বলতো সে, "একবার যে আমায় ছোঁয়, আয়ুরেখাসহ ছোঁয়; তারপর, সে তো মরেই..."

একদিন ফের দেখা হয় তার সাথে। চোখ নেই, শরীর নেই। এখন সে বোস্তামির মাঝারে যায় রোজ। কম দরে মন বিক্রি করে। তার নাকি খুব

অভাবের সংসার এখন-- মনের খদ্দের নেই!

SHARE THIS

Author: